কবি মলয় সরকার


মলয় সরকার
জন্ম:-২৭ সেপ্টেম্বর, ১৯৬৯।হাওড়া জেলার উলুবেড়িয়া থানার  বাণীতবলা গ্রামে।পেশায় আইনজীবী।কবিতা লেখা ও বেড়াতে যাওয়া প্রিয় হলেও "গাধা" পত্রিকার সম্পাদনা করেন।পত্রলেখা পাবলিশার্স থেকে প্রকাশিত উল্লেখযোগ্য কাব‍্যগ্রন্থ 'আগুনে ভেজাই ঘর'।


গুচ্ছ কবিতায়

কবি মলয় সরকার












আস্তানা 


ভয় করছিল দেশটা ঘুমিয়ে পড়ার পর

সে তাকে কীভাবে ডেকে তুলবে 


ভয় করছিল কাজটা হারিয়ে যাবার পর

সে কীভাবে নিজের উঠোন খুঁজে পাবে 


কিছুতেই মাটি ছাড়ছিল না আকাশের 

সে হারিয়ে যাচ্ছিল পায়ের তলা থেকে 


বাড়িটা ফিরছিল তার নিজের ভিতর 

যখন সব দরজাগুলোই বন্ধ ছিল অপেক্ষার

                            


সওদা


অন্ধকার ডুবে গিয়ে সময় এখানে 

সেজেগুজে ঘাপটি মেরেছে 

যেন তার মুহূর্তগুলো জ্বলে আর নেভে


হারিয়ে যাওয়ার আগে 

রাস্তাগুলো খুঁজে পায় নিজেদের 

যেমন নিঃশ্বাস

বাঁচিয়ে রেখেছে তার প্রতিটি স্পন্দন


ইট কাঠ প্রকরণ সরিয়ে 

ভেসে ওঠা যুক্তিগুলো দিয়ে 

বরং সাজানো যেতে পারে 

আজকের এই শহরটাকে


কৈফিয়ত একটাই :

শূন্য হওয়ার আগে বৃক্ষ হতে হবে 

                  


নিস্তার নেই 


প্রথমে বাঁধা হলো তার ছায়াটাকে

আস্ত চেতনার দড়িতে 


তারপরও সে পুড়ছে 


পুড়তে  পুড়তে  অবশিষ্ট 

কিছুই রইল না যখন

ঠিক তখনই মাথার ওপর

টাঙানো হলো কালো রঙের আকাশ 


হাঁটুর  নিচে  ঝুঁকে পড়ল

গোটা একটা দেশ


সে বুঝল

যেমন করেই হোক 

জন্মাতে হবে তাকে


তা না হলে তার নিস্তার নেই 



Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক অমলেন্দু বিশ্বাস

সূ চি প ত্র

কিছু বলা কথা