কিছু বলা কথা-
শ্রাবণ মাস। স্বাভাবিকভাবে ঋতুরানীর এখন ভরা যৌবন। আকাশে-বাতাসে ছুঁয়ে রয়েছে মেঘ-মল্লার-র মৃদু শিহরণ।আর, মনের সদরে সামগ্রিক সৃজনশীলতার তীক্ষ্ণ আলোর পরশ। এরকম আবহে প্রকাশিত হল 'নৌবত' ব্লগজিন পত্রিকার ষষ্ঠ (বর্ষা) সংখ্যা,১৪২৮। আশা করি আগের প্রকাশিত সংখ্যাগুলোর মত এ সংখ্যাটিও আপনাদের ভালবাসা ও শুভেচ্ছা থেকে বঞ্চিত হবে না।
প্রায় দু'বছরের মত সময়কাল 'মারী' নামক শাসকের ধাক্কায় সকলে কম বেশি এলোমেলো, ক্লান্ত, বিধ্বস্ত।একের পর এক প্রিয়জনের মৃত্যু মুহুর্মুহু চমকে দিচ্ছে।সেই সঙ্গে 'ইয়াসের' ক্ষত।সব মিলিয়ে যেন চরম বিপন্নতায় ভরা জনজীবন। তবু, এর মধ্য থেকেও খুঁজে নিতে হচ্ছে প্রাণ রক্ষার জন্য বিশল্যকরনী।কারণ, এখন মনেপ্রাণে বুঝতে পারি বেঁচে থাকার মত আশ্চর্য বিষয় আর কিছু হয় না ! তাই, শুরুতে একটু বর্ষার প্রসঙ্গ এনে তাৎপর্যপূর্ণভাবে বেঁচে থাকার সেই আগুনকে আর একটু উসকে নেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।কারণ,কবি অমিয় চক্রবর্তীর কথায়, 'অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,....।
তাছাড়া, আর কয়েকদিন পরে বাইশে শ্রাবণ। কবিগুরুর প্রয়াণদিবস। যিনি তাঁর জীবনদর্শন দিয়ে বুঝিয়ে দিয়েছেন সবরকম প্রতিকূল পরিবেশে তিনিই আমাদের পরম আশ্রয়। তাই, এই আবহে তাঁকেও আগাম শ্রদ্ধা নিবেদন করি।পাশাপাশি, অসংখ্য প্রিয় মানুষের মৃত্যু প্রবাহে সদ্য প্রয়াত হয়েছেন আমাদের অতি নিকটজন কবি সুব্রত ভুঁইয়া (দীপুদা), কবি গৌতম বসু, কবি নুরুল আমিন বিশ্বাস, কবি নিমাই আদক। তাঁদের প্রতি 'নৌবত' পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।
এবারের সংখ্যায় নতুন সংযোজন হল 'সম্পাদকের জানালা' নামে একটি বিশেষ কলাম।এরপর 'নৌবত' পত্রিকার আগামী প্রতিটি সংখ্যায় একজন মনোনীত সম্পাদক তাঁর পত্রিকা প্রকাশ করার অভিজ্ঞতা ও না বলা কথাগুলো পাঠকদের সঙ্গে ভাগ করে নেবেন এই অংশে। আশা করি পাঠকের কাছে তা আদরনীয় হবে।
এছাড়াও এই সংখ্যায় বিশেষ প্রবন্ধে থাকছে কবি-শিল্পী শ্যামল জানার কলমে 'কবিতা এবং ওয়ার্ড পেন্টিং কি একই, না দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়' তা নিয়ে সুন্দর বিশ্লেষণ। আবার কবিতায় কেন ও কিভাবে মানুষ মুক্তি খোঁজে তা নিয়ে নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ।পাশাপাশি,প্রয়াত তিনজন কবিকে কথা-কবিতায় শ্রদ্ধা নিবেদনের সঙ্গে প্রবীণ-নবীন কবিদের গুচ্ছ কবিতায় আলোকিত হয়ে রয়েছে সংখ্যাটি।
পরিশেষে, এটুকু প্রত্যাশা, একদিন নিশ্চিত আঁধার মুছে যাবে।ভরে উঠবে সবকিছু আলোয় আলোয়। আমরা সবাই আরও বেশি করে মানুষ হবার বিশুদ্ধ ব্রত নিয়ে পা রাখব দীর্ঘ যাত্রাপথে। শুভেচ্ছা.…
Comments
Post a Comment