কবি পবিত্র মন্ডল
পবিত্র মণ্ডল
জন্ম:- বনগাঁ মহকুমার গোপালনগরে, ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮০তে কোলকাতা ট্যাংরা পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায় ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত ।প্রকাশিত কাব্যগ্রন্থঃ জলে মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন),স্বপ্ন খনন,দেহলগ্ন, উৎক্ষিপ্ত ডানা, উজ্জ্বল আকাঙ্খা,Dream and Fire ( ইংরেজী ,যুগ্ম সংকলন)।
গুচ্ছ কবিতায়
কবি পবিত্র মন্ডল
আগুন
আগুন যখন মোহনীয়
বুকের ভেতর জ্বলবে,
পতঙ্গ পুড়বে তবু উড়বে হলুদ শিখায় !
ময়ূরের চিতা বিভ্রম
কৃষ্ণচুড়ার ঝোড়ো উল্লাস
রাধিকার তমাল তৃষ্ণা -
এসব কথার কথা নয় !
হৃদয়ের কর্ষণে হরিৎ শষ্য ফলবে
ক্ষয়িত স্থিতি বর্ণীল প্রেমে বাঁচবে !
ধিকি ধিকি যে জয়
অনুভবে তন্ময় -
বিনির্মাণে নির্মাণে নির্মোহে মোহে
আগুন সহায় !
গোলাপের জন্য
গোলাপের মতো রক্তিম কী হতে পারে ?
আবীর ছড়ানো বিকেল উত্তরটি খুঁজে ফিরেছে -
তখন নীল আকাশের কিনারে খন্ড লাজুক মেঘ-ই আনকোরা কবিতা !
নতুনগ্রামের মোড়ের মাথায় বাউন্ডুলে বাঁশিতে আগুন, আগুন অষ্টাদশী জানালায়,সবুজ প্রতীক্ষায় !
তবু হিংসুটি সন্ধ্যার খুব তাড়া ছিল,
জানেনি,তার কালো চুলেও লেগেছিল ভালবাসা রং !
উত্তুঙ্গ বিমুগ্ধতায় এতকিছুর উৎসমুখে যে সাহসী গোলাপ,তার রক্তিমতায় সর্বনাশ থাকবেই !
সূচনা
কালো মেঘের নামাবলি গায়ে পরেছে সূর্য,
একশ’ আট দু:খ জড়িয়ে নিয়ে বলেছে হাসতে,
সেই সব বেদনা পুড়িয়ে লিখেছে সোনা বানানোর মর্মভাষা -
এ তো আদরের ধারাপাত,কৃষক-জন্ম মাতৃগর্ভেই
শিখে নেয় -
দিননাথের বরপুত্র যে -
ছুটতে হবে সবুজ মায়ায়,
রুইতে হবে আনন্দের শৈশব :
সে বেঁচে থাকার কথা -
সবুজ খেতের সোনালী উড়ানে উৎসবের সূচনা ...


চমৎকার।
ReplyDeleteভালো লাগা কবিতাগুচ্ছ
ReplyDeleteখুব ভাল লাগল। বিশেষতঃ সূচনা কবিতাটির রূপকল্প।
ReplyDeleteখুব সুন্দর। অভিনন্দন জানাই 🙏❤️
ReplyDelete