কবি তূয়া নূর
তূয়া নূর
জন্ম:- যশোর শহরের পুরাতন কসবায়। বাবা এ কে নূর মোহাম্মদ। মা জামিলা নূর। পড়াশুনা ও বেড়ে ওঠা যশোর শহরে। উচ্চ শিক্ষা নেয়ার জন্য আসি ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসীতে পড়াশুনা শেষ করে পাড়ি দিই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উচ্চ শিক্ষার জন্য। লেখালেখি ছোটবেলা থেকেই।
গুচ্ছ কবিতায়
কবি তূয়া নূর
মুছে ফেলো নাম
খুন করা এক রকম নেশা, রক্তে ঝিম ধরায় রক্তের উত্তাপ,
অনেকটা মাদকের মতোই,
একবার যদি পরাজয় মানা হয় তার কাছে
তুমি আমি আমরা কেউ আর মানুষের গোত্রে থাকি না
হয়ে যায় নির্দয় কসাই।
মানুষ মারা অদম্য এক নেশা
নাইট ভিশন বন্দুকে ট্রিগার টিপে মাথা বুক নিরিখ করে
মানুষ মারার নেশা।
সেই নেশা দাবানল, ঘাস বন, গাছপালা সব পুড়ে ছাই হয়।
রক্ষা পায় না গর্ভবতী নারী কিংবা শিশু।
নেশা বড়ো খারাপ
লাগাম টেনে ধরো তার!
না হয় অমানুষ হও সগৌরবে অগৌরবের পৃথিবীতে
মানব জাতির খাতা থেকে কেটে দাও,
মুছে দাও নাম!
তাণ্ডব
ভেঙে চূড়ে ক্ষয় করে গ্রীক সভ্যতার পার্থেননকে কঙ্কালসার করে ফেলে
বিশাল সুনামি হয়ে মুছে ফেলে জনপদ
মরু ঝড় হয়ে ভাঙে ফেরাউনের মূর্তি।
সময়ের করাত কেটে ভাগ করে একাল-সেকাল
সময়ের মাপে আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীবের চেয়েও নগণ্য।
বুভুক্ষুর মতো হাতের গ্রাসে দলা করে ধরে।
নিজের অজান্তে আস্তে আস্তে পাল্টায় মানুষের চেহারা
যে ছিলো কিছুদিন আগে সবার স্বপ্নের নায়িকা
আজ দেখো সেই মুখখানা
দুমড়ানো মুচড়ানো শুকনো কিশমিশের দানা—
যেন বিশাল এক তাণ্ডব বয়ে গেছে তার উপর দিয়ে।
কফি
কফির গন্ধটা আমি আর পাই না নাকে
কফি সপের সামনে দাঁড়ায়ে বাতাসে ভেসে আসা কফির গন্ধ নিতাম বুক ভরে
‘কফি’ শব্দটার মতো আলাদা তার ঘ্রাণ
আমার মেয়েটার পছন্দ স্টারবাক্সের কফি
লাইনে দাঁড়ানো সে আমার সামনে
বাইরে পাতা চেয়ারে বসি
ভুরভুরে সুবাস আসে
কফির চেয়ে এই সুবাসটাই আমার কাছে প্রিয়।
কাজে যাবার সময় গায়ে দিতাম যে প্রিয় পারফিউম,
তার গন্ধটাও এখন পাই না।
সব গন্ধ যেন একই রকম হয়ে গেছে।
ধাতব একটা গন্ধ, জ্বালা ধরায় নাকে।
একজনকে চিনতাম, সে দাঁড়িয়েছিলো জ্যামাইকার
সাটফিন ব্লুভার্ডে বাসের জন্য।
একটা গাড়ি ফুটপাথে উঠে তাকে আঘাত করে।
হাসপাতাল থেকে ফিরে আসার পর
সে আর কোন কিছুর স্বাদ পেতো না, গন্ধও পেতো না।
তার কাছে সব সুস্বাদু ও সুখাদ্য রান্না কাগজের মতো লাগে।
উপরে হাত তুলে-- আমিতো বেশ আছি
অল্পের উপর উপর দিয়ে গেছে বিপদ,
একটু না হয় মিস করলাম প্রিয় কফির গন্ধটা।


Comments
Post a Comment