কবি মধুছন্দা মিত্র ঘোষ
মধুছন্দা মিত্র ঘোষ
জন্ম:-কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর মধুছন্দার পাঠকমহলে পরিচিতি ভ্রমণ আখ্যান ও অন্যান্য সাহিত্যকৃতির জন্য। প্রায় সমস্ত প্রথমশ্রেনীর প্রাতিষ্ঠানিক ও সমসাময়িক সংবাদপত্রের ক্রোড়পত্র ও বিভিন্ন পত্রপত্রিকার নিয়মিত লেখক। ছবি আঁকা, ভ্রমণ, ভাষ্যপাঠ, আবৃত্তি, রবীন্দ্রগান, লেখালিখি একান্ত ভালোবাসার জায়গা।
গুচ্ছ কবিতায়
চৈত্র বিকেলে লেখা কবিতা
হাতড়ে বেড়াচ্ছি সেই
ধুলো ওড়া কালবোশেখি বিকেল
কিছু আনমনা চৈত্র-অক্ষরে নির্মিত
কিছু 'ফটিক জল' ও 'চাতক' গল্প
এভাবেই,
রোজনামচার ভেতর ছিনিয়ে আনা আহ্লাদ
আহ্লাদের ভেতর লালিত নাছোড় জীবন
এভাবেই,
নুয়ে থাকে প্রাত্যহিকতা
কুলুঙ্গিতে সাজিয়ে রাখা দিনাতিপাত ...
সম্পর্ক
উহ্য সম্পর্ক,
রাত্রি নামিয়ে লিখে রাখছে
গোপন শব্দ
বহুরৈখিক ঘুমে,
স্বপ্নরা ঢুকে পড়ে এন্তার
উৎকর্ণ হয়ে থাকে
প্রস্তাবিত ভালোবাসাবাসি
কেউ কী কাছে সরে এলো ?
ঘুমভাঙানিয়া গান শোনাবে বলে !
গমন
রাতের দেহ থেকে
চুঁইয়ে পড়ছে কাকজ্যোৎস্না
অদ্ভূত রম্যতায় সে চাঁদ শুষে নিল
রাতের বাচালতা
অন্যমনস্ক কিছু আয়োজন
বিলিয়ে দিল মন্দ-ভালো আখ্যান
শীত ও ঝরাপাতাদের গল্প
এই উপস্থিতি, এই আয়োজন,
কেমন আশ্চর্য আতিশয্যে
ছাপিয়ে দিল অলীক সম্ভাষণ
অনুচ্চার পড়ে থাকে
কিছু চৌকাঠ ডিঙানো গমন..


Comments
Post a Comment