কবি মাহমুদ কামাল
কবি মাহমুদ কামাল
জন্ম:-২৩ অক্টোবর, ১৯৫৭, টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায়। বর্তমানে বসবাস পূর্ব
আদালত পাড়া, টাঙ্গাইল-১৯০০। বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতকোত্তর। পেশা-অধ্যাপনা।বহু গুরুত্বপূর্ণ সংগঠনের সংগে যুক্ত। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার ও টাঙ্গাইল সাহিত্য সংসদের সম্পাদক। টাঙ্গাইল কবিতা উৎসবের অন্যতম পদাধিকারী। কাব্য, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, স্মৃতি কথা,সম্পাদিত গ্রন্থ--সব মিলিয়ে চল্লিশেরও অধিক গ্রন্থ তাঁর। দুই বাংলা মিলিয়ে(বাংলাদেশ পরিষদ পুরস্কার, শহীদ বুদ্ধিজীবী পদক,জাতীয় কবিতা পরিষদ সম্মাননা,বরিশাল, বনলতা সেন সম্মাননা,মহাদিগন্ত পুরস্কার, বনানী পুরস্কার প্রভৃতি) এমন অসংখ্য পুরস্কারে সম্মানিত কবি মাহমুদ কামাল। প্রকাশিত কাব্যগ্রন্থ:- পরকীয়া, বিরামচিহ্ন, দ্বিতীয় জীবন, নির্বাচিত কবিতা, কাব্যসমগ্র ,সময় আসে যায় মাঝখানে সামান্য সময় প্রভৃতি। সম্পাদিত পত্রিকা 'অরণি'।
গুচ্ছ কবিতায়
কবি মাহমুদ কামাল
চেনা ও অচেনা
আলোর ভেতরে যত আলো
ততোধিক আলো
অন্ধকার যত অন্ধকার
ততো অন্ধকার
আলোর ভেতরে যারা আলো
অন্ধকার ততো জমকালো।
পরিস্কার বুঝে গেছি
মেঘ কেটে গেলে যে সূর্য হাসে
কৌমার্য হারিয়ে সূর্য
বোকার মতোই শুধু হাসে
আলো আর অন্ধকার ব্যবচ্ছেদ হলে
উল্টে যায় চেনা ও অচেনা।
অস্ত্রের দোষ নেই
অস্ত্রের কোনও দোষ নেই
যারা নিশানা ঠিক করে
অস্ত্র তাদেরই বন্ধু।
অশ্রুর কোনও পরিসীমাা নেই
কার্যকারণেই যদি মঞ্চস্থ হয়
অশ্রু তখনই নদী হয়ে ওঠে।
সব আজ উল্টে গেছে
অত্যাচারিত যদি অত্যাচারী হয়
অস্ত্রের কোনও দোষ নেই।
একশ বছরও হয়নি
দ্রুতই বদলে গেল
অশ্রুময় ছবির প্রচ্ছদ।
বেঁচে আছি
বেঁচে আছি
সতর্ক প্রহরে প্রহরে
আনন্দকে মাটি চাপা দিয়ে
বিষাদের সুর নিয়ে বেঁচে আছি।
ছোট এ জীবন থেকে
রূপরসগন্ধস্পর্শ
মুছে যায় অবলীলাক্রমে
প্রিয়জন হারাতে হারাতে
বেঁচে আছি
দুঃসংবাদ হয়ে যাবো বলে।


Comments
Post a Comment