কবি ইন্দ্রানী দত্ত পান্না



ইন্দ্রাণী দত্ত পান্না

জন্ম- ১৮ এপ্রিল, ১৯৬৩,সোনারপুর।পেশা- শিক্ষকতা।

কাব্যগ্রন্থ- 'প্রকৃত সন্ন্যাস', 'বিচিত্রানুষ্ঠান', 'অপাঠ্য ভ্রমণ কাহিনী', 'তথাপি সুন্দর', ' 'ক্রিস্টোফার ও ক্রিস্টোফার' 'স্যাক্সোফোনের স্বরলিপি ও অন্যান্য'।সম্মান- কবিতাপাক্ষিক সম্মান(২ বার)মুদ্রণ পুরষ্কার কিছু গল্প ও গদ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন সাহিত্য পত্রিকায়।



গুচ্ছ কবিতায়

কবি ইন্দ্রাণী দত্ত পান্না



রাত

ঐ কাস্তে চাঁদের গায়ে হেলান দেয়া রাত

আমার হাত দুটি শুদ্ধ  করার সময় এখন

আমারই পায়ের কাছে নিজেকে বসিয়ে রাখার সময় এখন

রাত সম্বন্ধে আমি যেসব কথা জানি 

স্বপ্ন নিয়ে আমি যা যা ভাব বিস্তার করি

সব অনিশ্চিতের সামনে মাথা নিচু  করে দাঁড়িয়ে আছে কেন না যুবকের সুইসাইডাল নোটে লেখা আছে 'সব মায়া জাল'।



পুরুষ ঘেঁষা


এক অপূর্ব তমসায় আমি দেখতে থাকি

কমলা রঙের দেয়াল গনগনে আগুন হয়ে  নিঃসীম  কালোর মধ্যে জ্বলছে

আমার জানালা বিস্ময়ে জানতে চায়

কী আলো জ্বালায় ওরা দরজায়?

এই জঙ্গল ঢাকা অন্ধকারটুকু পেরতে পারলে জেনে আসা যায়। 

এক কাপ ধুঁয়াধার আপ্যায়ন থেকে কয়েক মিনিট দূরে বসে ভাবি ওদের বাড়ির মেয়েরা কি বাস্তববাদী ও সন্দেহপ্রবণ!

ওদের বাড়ির পুরুষরা কি সুখী?



ছুটি


কেয়া পাতার বদলে বনসাই বটের পাতা দিয়ে বানালাম এই ক্যানো (কোথায় ভাসাবে মন জীবন তরীটি?)

ঘুমে চোখ ভারি হয়ে এলে সবুজ জংলা জমিটা নদী হয়ে যায়।

তার মানে সেই মেসোলিথিক যুগ থেকে আমি অপেক্ষায় আছি...


ছোট বড় ঢেউ এর ধাক্কায় সরে যাচ্ছে আমার ক্যানো আর সঙ্গে নিয়ে যাচ্ছে আবছা আলোর জন্মান্তর


প্রেম ও বানিজ্যের শর্তগুলো

কিন্তু একই রয়ে গেল।



 



Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক অমলেন্দু বিশ্বাস

সূ চি প ত্র

কিছু বলা কথা